নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আক্তার, শরীয়তপুরের জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি এবং একই এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। আব্দুল মান্নান ও দেলোয়ার রূপগঞ্জের ফকির আলীর বাড়ির ভাড়াটিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানায়, গ্রেপ্তার আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








