দেশের ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলের বাংলাদেশে সম্ভাব্য সফর নিয়ে। ব্রাজিল অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই সফরটি আয়োজন করতে চাইলে বড় অঙ্কের অর্থই খরচ হবে তাদের। সে খরচ মেটাতে সরকারের দ্বারস্থ হওয়ার আভাস গতকালই দিয়েছে বাফুফে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ব্রাজিলের সফর নিয়ে সরকার কোনো অর্থ ব্যয়ের মানসিকতায় নেই।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘এক কথায় উত্তর দিলে, এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে এই ধরনের অর্থ ব্যয় করে, যেহেতু আপনারা জানেন যে বিদ্যুৎ, জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। তাই বাফুফে যদি বিভিন্ন সাইট থেকে স্পন্সরশিপ এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তোবা আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।’’
ব্রাজিল সফরের বিষয়ে তিনি বলেন, ‘‘বিষয়টা (ব্রাজিলের ঢাকা আসা) একদম প্রাথমিক পর্যায়ে আছে। বাফুফের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা প্রাথমিক আলোচনাই করেছি। ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি।’’
আমিনুল হক আরও বলেন, ‘‘আমরা যেটা বিশ্বাস করি, ব্রাজিল টিম যদি বাংলাদেশে আসে, এসে যদি আবার বাংলাদেশ টিমের সঙ্গে খেলে, তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশের ফুটবল কতটুকু এগোবে এর মাধ্যমে, এটা নিয়ে আমি খুব বেশি আশাবাদী নই এ কারণে, ম্যাচ হবে, হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে খেলবে, মানুষের যে প্রত্যাশা...সেটা হয়তোবা পূরণ হবে। দর্শকেরা হয়তোবা একটু আনন্দিত হবেন, কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে—এ বিষয়ের সঙ্গে আমি একমত নই।’’
তিনি বলেন, ‘‘এটা একদমই প্রাথমিক পর্যায়ে আছে। এখনো বিশদভাবে আলোচনা হয়নি। আদৌ ব্রাজিল দল বাংলাদেশে আসবে কি না, সেটা নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা নেই।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








