পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সর্বউত্তরের অন্যতম চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বন্দর সূত্রে জানা যায়, সরকারি ছুটি এবং বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনগুলোর সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৬ আগস্ট) বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য পারাপার কার্যক্রম স্থগিত থাকবে। তবে জরুরি সেবা ও দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, চারদেশীয়—বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীদের সিদ্ধান্ত এবং সরকারি ছুটির কারণে বুধবার সকাল থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম ও পণ্য পারাপার বন্ধ থাকবে। একদিন বন্ধ থাকার পরদিন বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেছ জানান, সরকারি ছুটি থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









