গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৫টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ জানা যায়নি। আমাদের কার্যক্রম চলমান রয়েছে।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









