সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্য দেশের জন্য গৌরবের। তাদের এই অর্জন ধরে রাখতে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। প্রযুক্তির সঠিক ব্যবহার করে আধুনিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন জীবনে সফল হতে হলে পড়ালেখায় আরও মনযোগী হতে হবে। জৈন্তাপুর উপজেলার শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক পর্যায় মতবিনিময় সভা করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানান।
সংবর্ধনা আনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়'র সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটু প্রমুখ।
অতিথিবৃন্দ জিপিএ ৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। এদিকে প্রধান অতিথি জেলা প্রশাসক জৈন্তাপুর উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









