দাম্পত্য কলহ ও পরকীয়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেদে পল্লী রণক্ষেত্রে পরিণত হয়েছে। দু’পক্ষের দফায় দফায় হামলা, পাল্টাহামলা, বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা এই তাণ্ডবে চারটি বসতঘর, আসবাবপত্র ভাঙচুর করা হয়। এছাড়া একটি দোকান ও একটি রান্নাঘর আগুনে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে বেদে পল্লীর সরদার নাসির সরদারের মেয়ে সোনালী বেগমের সঙ্গে দিপু মিয়ার ছেলে নিলয় মিয়ার বিয়ে হয়। নিলয়ের অভিযোগ, স্ত্রীর পরকীয়া নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি সোনালী তার পাঁচ বছরের সন্তানকে ফেলে রেখে বাবার বাড়ি চলে গেলে পারিবারিক কোন্দল চরম আকার ধারণ করে।
এই বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় ও রাতে সরদার নাসির ও তার সমর্থকরা পৃথকভাবে হামলা চালিয়ে নিলয়দের একটি দোকান ও রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার সকালেও সংঘর্ষ থামেনি। ঘটনার পাল্টাপাল্টি বিবরণ দিয়েছে দুই পক্ষই। বেদে সরদার নাসির সরদার বলেন, আমার মেয়েকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার সকালে দিপুর লোকজন আমার ও আমার বোন নাসরিনের ঘরের বেড়া ভেঙে আমাদের ওপর হামলা চালায়।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে দিপু মিয়া জানান, বৃহস্পতিবার সকালে নাসির সরদারের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সশস্ত্র দল তাদের ও তার ভাই ইত্তি মিয়ার পাকা ভবনে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে মালামাল লুটপাট করে নেয়। এতে বাধা দিলে চঞ্চল, ইত্তি, আরিফ, জিহাদ, মিলি, মিঠু, টুনি ও লুৎফনর নেছাসহ একাধিক ব্যক্তি রক্তাক্ত জখম হন।
হামলায় গুরুতর আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে বুধবার রাতে এবং আজ সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় দিপু মিয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









