পিরোজপুরের নেছারাবাদে ‘স্বপ্ন ছুঁয়ে আগামীর পথে’ স্লোগানে এসএসসি পরীক্ষা ২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে রাজবাড়ী ডিগ্রি কলেজ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার কৃতি সন্তান, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি শাহ্ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, এসএসসি ২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থী, জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শাহ্ নাজিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজলভ্য করতে রাজবাড়ী ডিগ্রি কলেজ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান, ‘এ’ গ্রেড প্রাপ্তদের জন্য ৫০ শতাংশ শিক্ষা সুবিধা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এমএস অফিস ও ইন্টারনেটসহ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ এবং বেসিক ইংলিশ স্পোকেন কোর্স চালুর ঘোষণা দেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি, ইংরেজি ভাষা, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে কলেজ প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দিন বলেন, একসময় নেছারাবাদে শিক্ষার সুযোগ সীমিত থাকলেও বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকায় শিক্ষার প্রসার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার সুযোগ ও কর্মদক্ষতা বেড়েছে।
তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু পরীক্ষার ফলাফলের দিকে না তাকিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাঁদের উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন তাদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো এলাকার জন্য গর্বের বিষয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে উৎসাহিত করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









