খাগড়াছড়ির দীঘিনালায় ২৮ পিস ইয়াবাসহ মো. শুক্কুর আলী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বোয়ালখালী চৌমুহনী এলাকার চন্দন শীলের সেলুনের সামনে সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক যুবককে আটক অবস্থায় দেখতে পায়। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম শুক্কুর আলী বলে জানা যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো কমলা ও সাদা রঙের ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইয়াবাসহ একজনকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক শুক্কুর আলীর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









