সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে নিহত দম্পতির প্রবাসী দুই কন্যা কান্নাজড়িত কণ্ঠে তাদের মা-বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সিলেট নগরের শাহী ঈদগাহ প্রাঙ্গণে বৃহত্তর শাহী ঈদগাহবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক হেলাল চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নিহত দম্পতির কন্যা তাহমিনা সাত্তার এনি ও সেলিনা সুলতানা শিখা।
মানববন্ধনে নিহত পরিবারের সদস্যরা বলেন, গত ১২ আগস্ট রায়নগরের মিতালী এলাকায় অত্যন্ত নৃশংসভাবে তিনজনকে হত্যা করা হয়। এ ঘটনায় সিলেটবাসীর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরাও উদ্বিগ্ন।
তারা বলেন, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণের কথা বলা হয়েছে। প্রথমে প্রেমের সম্পর্ক, পরে খারাপ ব্যবহারের কারণে হত্যাকাণ্ডের কথা বলা হয়। সর্বশেষ চুরির টাকা বা বাসাভাড়ার টাকা জোগাড় করতে গিয়ে হত্যাকাণ্ডের কথা সামনে এসেছে। একেক সময় একেক ধরনের বক্তব্য আসায় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে তাঁদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।
নিহতদের কন্যারা বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। তাঁরা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। পুলিশের ভূমিকা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তবে তারা কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি বা সাজা দেওয়ার পক্ষে নন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সভাপতির বক্তব্যে হেলাল চৌধুরী বলেন, তিনজন মানুষের নৃশংস হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একেক সময়ে একেক ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে গভীর ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
বক্তারা বলেন, আগামী তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বি মিল্লাত আহমেদ, সুয়েব আহমদ, রুবেল আহমেদ, ফাহিদ আহমদ ও তানভীর আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









