নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এসআই এমদাদুল হক বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর ওয়াবদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নন্দকুজা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে সন্ধ্যায় ঘটনাস্থলে যান পুলিশের সদস্যরা। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে গুরুদাসপুর থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন। ঘটনার পর ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক ক্লোজ করে জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সার্বিক তদন্তে সার্কেল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এসআই এমদাদুল হক বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেছেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, অনেক পুরুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং নিরপরাধ কাউকে হয়রানি না করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রকৃত জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, ‘‘বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।’’
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, ‘‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে তদন্তে পুলিশের ত্রুটি ছিল। তাই ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক ক্লোজ করে জেলা পুলিশে রাখা হয়েছে। সার্কেল অফিসারকে সার্বিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









