ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) পাবনা জেলা শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পাবনা শহরের ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের গণমানুষের নেতা অধ্যাপক আবু তালেব মণ্ডল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা শাখার সভাপতি আব্দুর রহমান।
বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া প্রশিক্ষণ সেশন সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বগুড়া জেলা পরিচালক সেলিম রেজা, প্রিন্সিপাল ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হলে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আরও এগিয়ে যেতে সহায়তা করবে।
প্রধান আলোচক কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম বলেন, শিল্প ও ব্যবসা খাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
প্রিন্সিপাল ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিক্ষা ও দক্ষতার সমন্বয় ছাড়া সফল উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। তরুণদের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে।
বগুড়া জেলা পরিচালক সেলিম রেজা বলেন, ব্যবসা ও শিল্প খাতের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় এবং নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইবিডব্লিউএফ দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে ইতিবাচক ভূমিকা পালন করছে।
বক্তারা দেশের শিল্প ও ব্যবসা খাতের উন্নয়ন, উদ্যোক্তা তৈরির গুরুত্ব এবং ব্যবসায়ীদের কল্যাণে সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দক্ষতা বৃদ্ধি ও আধুনিক ব্যবসায়িক জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









