ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার শেষ সীমান্ত ২৯ মাইল কদমতলী এলাকায় শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রীবাহী ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচ তাজ পরিবহন এবং ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া লোকাল সিপি এল পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সরোয়ার আলম বলেন, “আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং গুরুতর অবস্থায় কিছু লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









