নীলফামারীর সৈয়দপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর (সোস)-এর উদ্যোগে শহরের বন্ধন কনভেনশন হলে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যে উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃতি শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ।
সংগঠনের সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক ড. মোসফেক উল হাসান লুমেন এবং দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহনাজ ফারজানা আফরোজ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ডা. সাজেদুল ইসলাম সাজু। এছাড়াও সংগঠনের উপদেষ্টা সাহাবাজ উদ্দিন সবুজ, মোর্শদ আলম, শিল্পী আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুজ্জামান স্বাধীন।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









