মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশনের মাধ্যমে কিছু ‘পেইজার’ মূলধারার সাংবাদিকদের কাজের আগ্রহকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন দশমিনা-গলাচিপা আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
শনিবার (২৯ আগষ্ট) রাত ৮টায় দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চেক বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, ফ্যান ও পানি বিশুদ্ধকরণ ফিল্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি সফরে দশমিনায় এসে প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে তিনি অসহায় ও দুস্থ পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভা শেষে ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে প্রত্যেককে ৫ হাজার টাকা করে সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রীড়ার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী এবং শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করতে পানি বিশুদ্ধকরণ ফিল্টার ও ফ্যান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, “যারা আমার সঙ্গে ছবি তুলেছেন, আমার নির্বাচনে ভোট চেয়েছেন এবং আমাকে বিজয়ী করতে সর্বোচ্চ শ্রম দিয়েছেন, তারা মনে করবেন না যে কোনো অন্যায় বা অপরাধ করে পার পেয়ে যাবেন। কেউ মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, লুটপাট কিংবা জমি দখলের মতো কর্মকাণ্ডে জড়িত হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি আমাকে দশমিনা-গলাচিপা আসনে মনোনয়ন দিয়েছে, জনগণ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি কোনো অন্যায় মেনে নেব না। সে বিএনপি কিংবা গণঅধিকার পরিষদের নেতাকর্মী—যেই হোক না কেন।”
কাউকে অপমান-অপদস্ত করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, দেশে আইনের শাসন রয়েছে এবং আইনের যথাযথ প্রয়োগও রয়েছে।
সাংবাদিকতার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “কিছু মোবাইল সাংবাদিক ও পেইজার সাংবাদিকতার নামে মানুষের মান-সম্মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করে থাকে। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মূলধারার সাংবাদিকরা আমার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিডিও ও তথ্য দিয়ে সহযোগিতা করছেন। আমি তাদের সম্মান করি।”
তিনি আরও বলেন, “অপসাংবাদিকতার বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। এসব কর্মকাণ্ডের কারণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন, ঢাকা দক্ষিণ মহানগর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম পঞ্চায়েত, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন হাওলাদার, যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









