লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৩৩ পিস ভারতীয় কসমেটিকস ও দুটি বাইসাইকেল আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবি।
রবিবার (৩০ আগস্ট) তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত রবিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির অধীন ধরলা বিওপির একটি টহলদল উপজেলার ধরলার মোড় ও সরকারহাট এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩৩৩ পিস ভারতীয় কসমেটিকস এবং জেড মাস্টার গোল্ড ব্র্যান্ডের দুটি বাইসাইকেল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) ১ লাখ ২ হাজার ৩৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ রোধে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









