পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে গত জুন মাসে স্পেনে পাড়ি জমিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ (২৭)। নতুন দেশে গিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাচ্ছিলেন স্বপ্ন পূরণের পথে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর অবশেষে অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে পেয়েছিলেন কাঙ্ক্ষিত কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট)। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না। মাদ্রিদের একটি বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনি।
রবিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।
মৃত্যুর আগমুহূর্তে সহকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বাঁচার আকুতি জানিয়ে ইউসুফ লিখেছিলেন, “আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।” এটিই হয়ে রইল তার জীবনের শেষ বার্তা।
নিহত ইউসুফ হাসান আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। পেশায় তিনি ছিলেন ফুড ডেলিভারি রাইডার।
স্বজনদের তথ্য অনুযায়ী, ভাগ্য পরিবর্তনের আশায় গত জুন মাসে স্পেনে যান ইউসুফ। নতুন দেশে গিয়ে কাজের অনুমতি পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে তার হাতে আসে ওয়ার্ক পারমিট। নতুন কর্মজীবন নিয়ে যখন সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল আনতে ওই গ্যারেজে যান ইউসুফ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সেখানে থাকা একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে।
ইউসুফের মামাতো ভাই ও বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিকে ইউসুফের মৃত্যুর বিষয়টি স্থানীয় প্রশাসনও অবগত হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম।
তিনি বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। তবে পরিবারটি বর্তমানে শোকের মধ্যে থাকায় এখনো আনুষ্ঠানিকভাবে প্রশাসনকে বিষয়টি জানায়নি। তারা প্রশাসনের সহযোগিতা চাইলে গাজীপুর জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









