জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের চর্চা এবং নতুন প্রজন্মের মাঝে তার অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেলুন উড়িয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
পরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.)।
আলোচনায় তিনি নজরুলের সংগ্রামী জীবন, সাহিত্যকর্ম এবং সমাজ ও মানুষের প্রতি তার দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন। সেমিনারের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত পরিবেশন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় সেমিনার হল উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.), ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.) সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামী ২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় কবির সাহিত্যকর্ম, সংগীত, কবিতা ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিতি আরও গভীর করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।
বিএইউএসটি কালচারাল সোসাইটির সার্বিক সহযোগিতায় এবং উপদেষ্টা, ছাত্র কল্যাণ দপ্তরের তত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবিক চেতনার চর্চা আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









