ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে মেধার বিকাশ ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া আব্দুল গনি মাস্টার স্কুল অ্যান্ড কলেজ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে আব্দুল গনি মাস্টার ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করে জামিরদিয়া আব্দুল গনি মাস্টার স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন আলহাজ্ব মো. আব্দুর রশিদ। এই সময় জামিরদিয়া আব্দুল গনি মাস্টার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও দাতা সদস্য আব্দুস সাত্তার মাস্টার, দাতা সদস্য জিয়াউর রহমান, প্রাইমারী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবু সাঈদ, স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক রফিকুল ইসলাম লিটন, কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে তুলে দেওয়া হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্লে-পঞ্চম শ্রেণী পর্যন্ত ৮৫জন ৮ম শ্রেণীতে ৬জন, মোট ৯১ জনকে বৃত্তি প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উল্লেখ্য করে আব্দুর রশিদ বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।” শিক্ষার্থীদের প্রতি যত্নবান হতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের প্রতিও তিনি আহবান জানান।
আব্দুর রশিদ বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ অর্জনে তাদের উৎসাহিত করতে অভিভাকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









