বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পাবনা শহরের কসাইপট্টি এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান।
র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। জাতীয় ও দলীয় পতাকা হাতে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এতে পুরো র্যালি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ রোড হয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের অবদানের কথা তুলে ধরেন।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তারা দলীয় ঐক্য সুদৃঢ় করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। র্যালি ও সমাবেশকে ঘিরে শহরে উৎসবের আমেজ বিরাজ করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









