রাজধানীর ডেমরা থানার একটি মামলার তদন্তে রূপগঞ্জে অভিযান চালিয়ে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানাসহ দুজনকে গ্রেপ্তার ও তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোররাতে বরাবো ও বিরাব এলাকায় এ পৃথক অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ডেমরার বড়ভাঙ্গা এলাকার তাপস (৩৮) ও পূর্ব বক্সনগর এলাকার মো. মাসুদ রানা (৩৫)। ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে ডেমরার সুলতানা কামাল সেতুর ঢাল এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরাবো শরীফ মেলামাইলন-সংলগ্ন এলাকায় জলিলের বাড়িতে অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরের কাঠের পাটাতনের ওপর থেকে একটি পুরোনো একনলা শটগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এরপর গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বরাবো এলাকায় তাপসের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানে তার থাকার কক্ষের সানশেডের ওপর থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান জানান, গত ২৮ আগস্ট ভোরে ডেমরার সারুলিয়ায় বিএনপি নেতা মো. সেলিমের বাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের গুলির খোসা ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্রের সঙ্গে রূপগঞ্জ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ডেমরা থানার মামলার তদন্তে ডিএমপি পুলিশের একটি দল রূপগঞ্জ পুলিশের সহায়তায় অভিযান চালায়। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত এবং আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় কোনো মামলা হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









