সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ‘দি নিউ ন্যাশন’ পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী সাংবাদিক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জহিরুল ইসলাম জানান, গত ২৯ আগস্ট আল মদিনা শপিং মলের মালিক মাজহারুল ইসলাম একটি সংবাদ সম্মেলনে মামুন শিকদারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ওই সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ভিত্তিতে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমসহ তিনিও সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পরদিন মামুন শিকদার তাকে ফোন করে কেন ওই সংবাদ প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে কৈফিয়ত চান। একপর্যায়ে তাকে হামলা ও মামলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভুক্তভোগী সাংবাদিকের কাছে সংরক্ষিত আছে।
জহিরুল ইসলাম সিরাজ বলেন, ‘‘এর আগেও সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে সংবাদ প্রকাশের বিষয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে।’’ একজন সংবাদকর্মী হিসেবে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ কারণে বিষয়টি সোনারগাঁ থানাকে অবহিত করে মামুন শিকদারের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি বলেন, ‘‘একজন সাংবাদিক হিসেবে জনগণের সামনে তথ্যভিত্তিক সংবাদ তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হামলা, মামলা বা ভয়ভীতি দেখানো হলে তা স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি করে।’’
এদিকে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে বলেও উল্লেখ করেন সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ। তার অভিযোগ, সংশ্লিষ্ট রেস্টুরেন্ট, বেকারি ও মিষ্টি তৈরির কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে তিনি দাবি করেন।
অভিযোগের বিষয়ে কলাপাতা বার্গারের পরিচালক মামুন শিকদার বলেন, “আমি কোনো হুমকি দিইনি। আমি শুধু বলেছি, আপনি যে সংবাদ প্রকাশ করেছেন, সেখানে আমার বক্তব্য নেওয়া হয়নি। আমি চাইলে আইসিটি আইনে মামলা করতে পারি।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ বিষয়ে একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









