বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি বাঘাইছড়ি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেশাপলা চত্বরে এসে শেয় হয়।
র্যালি শেষে বাঘাইছড়ি চৌমুহনী শাপলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং দলীয় কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ এবং বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু।
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী তার বক্তব্যে বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
রাঙামাটি জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠা ও দেশের রাজনৈতিক ইতিহাসে দলটির ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বাঘাইছড়িতে বিএনপির নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং দলীয় কার্যক্রমে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ তার বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। তিনি বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামের বিষয়ও তুলে ধরেন।
বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তিনি দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, দলের রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বাঘাইছড়িতে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক দলীয় সমর্থক উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









