সাতক্ষীরা সদর উপজেলার তালতলা মাগুরা এলাকা থেকে কোহিনূর আক্তার (৪০) নামে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আবু মুসা। কোহিনূর সাতক্ষীরার বিনেরপোতা এলাকার একটি বিস্কুট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাগুরা এলাকার বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের কর্মচারী শরিফুল ইসলাম মঙ্গলবার সকালে ভ্যানে বালু লোড করার সময় স্থানীয় একটি দোকানের পেছনে যান। এ সময় তিনি পাশের ডোবার পানিতে লাশ ভাসতে দেখেন। বিষয়টি তিনি তার মালিক আলমগীর হোসেনকে জানান। পরে আলমগীর ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘‘নিহতের মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









