মানুষের গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাস স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে গেছে। বর্তমান ও আগামী দিনের যেকোনো সোনালী অর্জনের জন্য জনগণের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কোনো ধরনের অন্যায় বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যানার-ফেস্টুনসহ যোগ দেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি মোগরাপাড়া চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী এ কর্মসূচিকে কেন্দ্র করে ঝড়বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









