চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া নয়টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ করিম উরকিরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শফির পুত্র।
স্থানীয় লোকজন জানান, রাত সোয়া নয়টার দিকে গুলির শব্দ শুনতে পান লোকজন। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কেরানিহাট এলাকায় করিম নামের এক যুবকের রক্তাক্ত দেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়।
এই ঘটনার পর কেরানিহাট বাজারের ব্যাবসায়ীরা আতংকে দোকানপাট বন্ধ করে চলে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত করিম এলাকায় মাদক ব্যাবসার সাথে জড়িত ছিল। খুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের ধারণা, মাদক ব্যাবসাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটতে পারে।
ঘটনার পর রাউজান থানা ও নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে ছুটে যান।
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (উপ-পরিদর্শক)আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য ২০২৪ এর ৫ আগস্ট পরবর্তী সময়ে রাউজানে দুই ডজনেরও অধিক খুনের ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। পুলিশের অভিযানে উপজেলার বেশকিছু চিহ্নিত সন্ত্রাসী ধরা পড়লেও এখনো অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ধরাছোঁয়ার বাইরে থাকায় উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটছে সাধারণ মানুষের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









