অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও লেখালেখি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত প্রায় এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করতে দেখা যায়। ভিডিওতে তিনি নিজের বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ করেন। তার দাবি, চলতি মাসে তার বিদ্যুৎ বিল ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা এসেছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি গাছা থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়েছে।
তবে বিদ্যুৎ বিল নিয়ে ওই যুবকের করা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









