সিলেট নগরে পানির সংকট নিরসনের দাবিতে কলস-বালতি নিয়ে সিটি করপোরেশনে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের ষষ্ঠ তলায় পানি শাখায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির।
আটক ছয়জন হলেন মিরাজ, তাহমিদ, তাহের, জুয়েল, রুহান ও মারুফ। তাঁরা নগরের জল্লারপার এলাকার বাসিন্দা।
ওসি খান মো. মঈনুল জাকির বলেন, সিটি করপোরেশনের ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের অভিযোগে কর্মচারীরা ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ বলেন, ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের ঘটনায় ছয়জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন জল্লারপার এলাকার বাসিন্দা মোহাম্মদ এহছানুল হক তাহের। তিনি সাংবাদিকদের বলেন, সোমবার এলাকার বাসিন্দারা সিটি করপোরেশনে গিয়ে পানির সংকটের কথা জানিয়েছিলেন। তখন কর্মকর্তারা তিন দিনের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার তাঁরা আবার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে সিটি করপোরেশনে যান।
এহছানুল হক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে পানির দাবি জানাতে গিয়েছিলাম। সিটি করপোরেশনে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। অন্যায়ভাবে ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দ্রুত তাঁদের মুক্তি দিতে হবে।’
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এদিনকে বলেন, দাবি জানানোর একটি প্রক্রিয়া আছে। তাঁরা তাঁর কাছে দাবি জানাতে পারতেন। কিন্তু নগর ভবনের ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর কোনোভাবেই কাম্য নয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









