নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুষিবোঝাই ট্রাকের চাপায় মনির হোসেন (৬৫) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারাবো পৌরসভার রূপসী বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক ইয়াকুবকে আটক করেছে পুলিশ।
নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রামের জরু মিয়ার ছেলে। তিনি রূপসী বালুরঘাটে শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বালুরঘাট এলাকায় কাজ করার সময় ঢাকা মেট্রো-ঢ-১৩-৫৫৩৪ নম্বরের ভুষিবোঝাই ট্রাকটি মনির হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি জব্দ করে চালক ইয়াকুবকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার এসআই পার্থ জানান, দুর্ঘটনার ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক ইয়াকুব সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল গ্রামের নজরুল ইসলামের ছেলে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









