পাবনায় পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম (৪৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে পুলিশের একটি ইউনিফর্ম ও একটি বেল্ট জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম।
বৃহস্পতিবার পাবনা সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত বাদশা প্রামাণিকের ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ের সামনে পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় রফিকুলকে দেখতে পান কর্মকর্তা-কর্মচারীরা। নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিলে তাদের সন্দেহ হয়। তার পরিচয় যাচাই করে জানতে পারেন, রফিকুল বাংলাদেশ পুলিশের সদস্য নন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটর ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কাজে ছবি তোলার উদ্দেশ্যে তিনি পুলিশের পোশাক পরে বিআরটিএ কার্যালয়ে যান। সেখানে নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেওয়ার সময় বিষয়টি ধরা পড়ে।
ডিবির ওসি রাশিদুল ইসলাম জানান, সরকারি কর্মচারীর পরিচয় দেওয়ার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সরকারি পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









