ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নাজিমোল্লা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িশ্বর বাজারের পাশে নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কের ওপর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়াল মিয়া গ্রুপ এবং ফজু মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে একটি পুকুরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বিকেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আব্দুল আউয়াল গ্রুপের সদস্য নাজিমোল্লাহ নিহত হন।
সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আউয়াল মিয়া, রহিছ মিয়া, তাউস মিয়া ও কালন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের নাম জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, নিহতের ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









