ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চতুর্থ তলা ভাড়া বাসার দ্বিতীয় তলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন নিহত দম্পতি। কক্ষটির দরজা-জানালা প্রায় সবসময় বন্ধ থাকত। সম্প্রতি ওই কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে।
খবর পেয়ে সিআইডির ফরেনসিক টিম, ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ঘটনার বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলিন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে লাশের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনার রহস্য উদ্ঘাটন, নিহতদের পরিচয় নিশ্চিত করা ও জড়িতদের সনাক্তকরণে একাধিক দল কাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। নিদের্শনা ও আলামত পর্যালোচনা করে পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। উদ্ধারকৃত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









