যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ( ৫ সেপ্টেম্বর ) সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর সমাধি স্থলে যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবি ) এর ব্যবস্থাপনায় গার্ড অব অনার প্রদান শেষে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ। আরো উপস্থিত ছিলেন ৪৯ বিজিবির সহকারী পরিচালক মোঃ মাছেদুল ইসলাম খাঁন এবং বীরশ্রেষ্ঠের পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা। এছাড়াও শহীদ নূর মোহাম্মদ শেখ এর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত এবং সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ এবং চিরস্মরনীয় করে রাখার জন্য প্রতিবছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
উল্লেখ্য বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ১৯৫৯ সালের ১৪ মার্চ পূর্ব পাকিস্থান রাইফেলসে ( ইপিআর,বর্তমান বিজিবি) যোগদান করেন।১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নং সেক্টেরে মুক্তিযুদ্ধে অংশ নেন।শত্রু পক্ষের মর্টারের গোলার আঘাতে তিনি মারাত্নকভাবে আহত হয়ে ৫ সেপ্টেম্বর ১৯৭১ সালে বীরের মত শহিদ হন।যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তে তাকে সমাহিত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









