সিলেটের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের গঠনমূলক পরামর্শকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত এক অংশীজন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেটকে একটি আধুনিক, সুপরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, স্থপতি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সিউক চেয়ারম্যান বলেন, শাবিপ্রবির পুরকৌশল ও স্থাপত্য বিভাগসহ আইইবি, আইএবি, আইডিইবি এবং আবাসন খাতের অভিজ্ঞ প্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টাতেই একটি আধুনিক ও নিরাপদ সিলেট উপহার দেওয়া সম্ভব।
সভায় শহরের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা তুলে ধরে তা সমাধানের প্রস্তাব দেন উপস্থিত বিশেষজ্ঞরা। আলোচনার মূল বিষয়বস্তু ছিল নগরীর আবাসন ব্যবস্থাকে একটি সঠিক কাঠামোর মধ্যে আনা। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ন্যাশনাল বিল্ডিং কোড কঠোরভাবে মেনে চলা। ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ ঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। গ্যাস ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিক এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
সিউক-এর নির্বাহী পরিচালক মো. সাদিউর রহমান জাদিদের পরিচালনায় সভায় বক্তব্য দেন শাবিপ্রবির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ ও অধ্যাপক ড. মো. শাহিদুর রহমান, আইইবি সিলেট কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান মাহমুদ।
সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর, সহকারী স্থপতি রায়হান আহমেদ, জালালাবাদ গ্যাসের ডিএম সুহেদুর রহমান, সিউকের সহকারী প্রকৌশলী মাহমুদ আবু নাসেরসহ আইএবি, আইডিইবি, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ ও বিভিন্ন কনসাল্টিং ফার্মের প্রতিনিধিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









