রাজধানীর চারপাশের ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ওয়াটার বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নৌপরিবহনমন্ত্রী বলেন, ঢাকার চারপাশে তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু নদীসহ বিস্তৃত নৌপথ রয়েছে। এসব পথে যাত্রীবাহী নৌযান চলাচল বাড়ানো গেলে রাজধানীর সড়কের ওপর চাপ কমার পাশাপাশি যানজট নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি জানান, ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। প্রায় এক দশক আগে এ ধরনের সেবা চালু হলেও গত ১০ বছরে এতে ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। অর্থাৎ বছরে গড়ে লোকসানের পরিমাণ ছিল প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আগের সমস্যাগুলো চিহ্নিত করে নতুন ব্যবস্থাপনায় রাজধানীর নৌপথে ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘‘আমরা আশা করছি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই সেবা চালু হবে।’’
এদিকে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়েও সংসদে কথা বলেন নৌপরিবহনমন্ত্রী। তিনি জানান, নদীগুলোর তীরে ৪২৪টি দূষণস্থল চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে উদ্বেগজনক হারে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য ফেলা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঢাকার চারপাশের পাঁচটি নদীকে দূষণমুক্ত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, এ বিষয়ে গতকাল একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা হয়েছে। উদ্যোগটি তদারকির জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। এরই মধ্যে নদীগুলো পরিদর্শন করা হয়েছে।
নদীর তীরে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে ওয়াসা, ঢাকার দুই সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ এবং পানিসম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









