ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে ছুরিকাঘাত করে এক দুধ ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ পচিশ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
সোমবার ( ৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলার মাশুরগাও আন্ডারপাস এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা এলাকার দুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম (২৫) এলাকার বিভিন্ন দুগ্ধ খামার থেকে দুধ সংগ্রহ করে সিরাজদিখান উপজেলার নিমতলায় ঢাকার ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে দুধ সরবরাহ করে ফেরার পথে এক্সপ্রেসওয়ের মাশুরগাও এলাকায় আসা মাত্র পেছন দিক থেকে একটি সিএনজি অটোরিক্সা রফিকুল ইসলামের দুধের গাড়ির গতিরোধ করে।
এসময় ৩-৪ জন সংঘবদ্ধ ছিনতাইকারী দুধ ব্যবসায়ী রফিকুল ইসলামকে উপর্যপুরি বাম হাতে ও পেটের বাম পাশে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও ৪৫ হাজার টাকা মুল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রফিকুল ইসলামকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









