সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে এক প্রবীণ ব্যবসায়ীর দোকান গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের সিআরবিসি এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত দুই ভাই হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামায়াত নেতা আলী হাসান ও তার ভাই ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম হাসু।
জানা যায়, সিআরবিসি এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় দীর্ঘ ২২ বছর ধরে ক্ষুদ্র ব্যবসা চালিয়ে আসছিলেন হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কান্দিপাড়া গ্রামের বৃদ্ধ আব্দুল হাকিম ।এটিই ছিল তার পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম। সম্প্রতি অভিযুক্তরা উক্ত জায়গাটি নিজেদের দাবি করে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকেন।
এরই ধারাবাহিকতায় অভিযুক্তরা অতর্কিত হামলা চালিয়ে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দোকানটি ভেঙে গুঁড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে জীবিকার একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন বৃদ্ধ আব্দুল হাকিম।
আক্ষেপ প্রকাশ করে ভুক্তভোগী আব্দুল হাকিম বলেন, ‘‘সরকারি জায়গা উচ্ছেদের এখতিয়ার কেবল সওজ কর্তৃপক্ষের। অথচ ক্ষমতার দাপটে তারা অবৈধভাবে আমার দোকান ভেঙে আমাকে পথে বসিয়ে দিল। আমি এই অন্যায়ের বিচার ও ক্ষতিপূরণ চাই।’’
এদিকে একজন প্রবীণ ব্যবসায়ীর প্রতি এমন আচরণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচারের জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সলঙ্গা থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল।
দোকান ভাঙচুরের বিষয়ে জামাত নেতা আলী হাসান এর সাথে কথা হলে তিনি বলেন, ‘‘আমার বৈধ কাগজপত্র থাকায় আমি দোকান ভাঙচুর করেছি।’’
সরকারি সম্পত্তিতে আপনারা ব্যক্তিগতভাবে উচ্ছেদের ক্ষমতা রাখেন কিনা গণমাধ্যমকর্মীদের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সরকারি সম্পত্তি একমাত্র সরকারি লোকই উচ্ছেদের ক্ষমতা রাখে। আমার লোকজন উচ্ছেদ করেছে এটা আমার একটা ভুল।’’
এ বিষয়ে জানতে চাইলে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, ‘‘এ বিষয়ে সলঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









