ময়মনসিংহের ত্রিশালে এক নারীর সঙ্গে কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগে বুলু নামের এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই নারীর স্বামীর বিরুদ্ধে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল পানের আড়তের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুলুর সঙ্গে ওই নারীর কথিত সম্পর্কের বিষয়টি জানতে পেরে তাঁর স্বামী ক্ষুব্ধ হন। পরে পানের আড়তের সামনে বুলুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) গোলাম মোস্তফা রুবেল জানান, বুলুকে দরিরামপুর কোচস্ট্যান্ড এলাকায় পানের আড়তের সামনে পেয়ে শহীদ কুপিয়ে আহত করলে সাধারণ জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে শহীদ জানিয়েছেন, বুলু তার স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তাকে কুপিয়েছেন। আহত বুলু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









