নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় ক্যাশলেস বুথ চালু করেছে পূবালী ব্যাংক। ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার উদ্যোগের অংশ হিসেবে স্থাপিত এ বুথে গ্রাহকদের নগদবিহীন লেনদেনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হচ্ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার বোয়ালখালী বাজারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বুথটির কার্যক্রম উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান ও ডিজিএম এ কে এম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক ও এজিএম ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন দীঘিনালা উপশাখার প্রধান পিও ইভান ত্রিপুরা। এ সময় বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বুথটি তিন দিন চালু থাকবে। এ সময়ে আগ্রহী গ্রাহকদের নগদ অর্থ ছাড়াই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, সুবিধা ও প্রয়োজনীয় সতর্কতার বিষয়গুলোও তুলে ধরা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ কে এম মাসুদ বলেন, ক্যাশলেস লেনদেন বর্তমান সময়ে নিরাপদ ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমে, দ্রুত অর্থ স্থানান্তর করা যায় এবং লেনদেনের তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকে। ফলে আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা বাড়ে।
ব্যাংক সংশ্লিষ্টরা বলেন, নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়লে টাকা বহন ও সংরক্ষণের ঝুঁকি কমার পাশাপাশি সময়ও সাশ্রয় হবে। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা কেনাকাটা, বিল পরিশোধ কিংবা অর্থ স্থানান্তরের মতো দৈনন্দিন কাজে ক্যাশলেস পদ্ধতি ব্যবহার করলে আর্থিক লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে।
বুথে এসে গ্রাহকরা শুধু তথ্য জানার সুযোগই পাচ্ছেন না, বরং বিভিন্ন ডিজিটাল লেনদেনের পদ্ধতি সরাসরি ব্যবহার করে দেখার সুযোগও পাচ্ছেন। এতে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়বে বলে আশা করছে পূবালী ব্যাংক।
আয়োজকদের মতে, দুর্গম ও প্রান্তিক এলাকার মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা সহজভাবে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নগদ অর্থের পরিবর্তে নিরাপদ ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে উঠলে দীঘিনালার ব্যবসা-বাণিজ্য ও আর্থিক কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তন আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









