কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জয়ন্ত মন্ডল (৭) ও হাফিজা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপদিঘী ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয়ন্ত মন্ডল দক্ষিণ গোপদিঘী এলাকার জুয়েল মন্ডলের ছেলে এবং হাফিজা আক্তার একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি পুকুরে একসঙ্গে গোসল করতে নামে জয়ন্ত ও হাফিজা। গোসলের একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জয়ন্তের দাদা আনন্দ মন্ডল পুকুরের পানিতে হাফিজা আক্তারকে ভাসতে দেখেন। পরে কিছু দূরে জয়ন্তকেও পানিতে ভাসতে দেখা যায়।
স্থানীয়দের সহায়তায় দ্রুত দুই শিশুকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









