শিক্ষার্থীরা আন্দোলনে নামলে সরকারের টিকে থাকা কঠিন হবে। ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা অনিয়মের চেষ্টা করা হলে সরকার মারাত্মক ভুল করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেন, শিক্ষার্থীরা আন্দোলনে নামলে সরকারের মসনদে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা বা দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ড না করার আহ্বান জানান তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ইতোমধ্যে সরকারের কাছে বিভিন্নভাবে দাবি জানানো হয়েছে। প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া, সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং প্রক্টর অফিসে আবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রজ্ঞাপন জারির আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখনো সিন্ডিকেটে এ বিষয়ে কোনো বাজেট পাস হয়নি।
শিবির সভাপতি অভিযোগ করে বলেন, এসব বিষয় থেকে বোঝা যাচ্ছে বিএনপি সরকার ছাত্র সংসদ নির্বাচন দিতে চায় না। তার দাবি, বিএনপি আগেও দুই মেয়াদে ক্ষমতায় থাকাকালে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতে দেয়নি। দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না এবং দলটির অভ্যন্তরেও গণতান্ত্রিক চর্চা নেই বলে মন্তব্য করেন তিনি।
তবে বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করবে বলে আশা প্রকাশ করে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রতিটি ক্যাম্পাসে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে—এমনটাই তারা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দীন মোহাম্মদ ও সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









