রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় চুরি-ছিনতাই হওয়া মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মীরকুটির ছেও এলাকার একটি তেল পাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সংগ্রহ করা ৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খাড়াসারা গ্রামের ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নুর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মীরকুটির ছেও এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতাররা চোরাই মোবাইল ফোন কেনাবেচার একটি সিন্ডিকেটের সঙ্গে জড়িত—প্রাথমিকভাবে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









