বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার ট্রলার থেকে পড়ে মো. শাহিন (২৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জাল তোলার সময় ট্রলারে তাকে না পেয়ে সহকর্মী জেলেরা খোঁজাখুঁজি শুরু করেন। তবে দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শাহিন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের ভাইজোড়া এলাকার আলম মিয়ার ছেলে। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকার ফুল মিয়ার মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারে জেলে হিসেবে কর্মরত ছিলেন।
ট্রলার মালিক ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রলারটিতে মোট ১০ জন জেলে ছিলেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলে মাছ ধরার পর তারা ট্রলারে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় বজ্রপাতের বিকট শব্দের মধ্যে শাহিন ট্রলার থেকে সাগরে পড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সকালে জাল তোলার সময় জেলেরা একে একে সবাইকে ডাকাডাকি করলেও শাহিনকে পাওয়া যায়নি। পরে ট্রলারের ভেতর, আশপাশের সাগর ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
ট্রলারের মালিক ও মাঝি ফুল মিয়া বলেন, “রাতে জাল ফেলে সবাই ট্রলারে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে জাল তোলার সময় শাহিনকে না পেয়ে বুঝতে পারি, সে ট্রলারে নেই। ধারণা করছি, রাতের কোনো একসময় সাগরে পড়ে গেছে।”
তিনি জানান, নিখোঁজ শাহিনকে উদ্ধারে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









