মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ৩৯ বোতল এসকেইফ মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এ সময় দুটি পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে শহীদ ডা. শামসুল হক সড়কের সৈয়দপুর সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৩৯ বোতল এসকেএফ মাদক উদ্ধার করা হয়। এ সময় রকি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। একই অভিযানে আরও একজনকে আটক করা হয়েছে।
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে গোটা জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে উপজেলা পর্যায়ে রাতদিন অভিযান চালানো হচ্ছে। মাদক একটি সামাজিক ব্যাধি। এটির বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী, মাদক সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদক কেনাবেচা বা মাদক সংশ্লিষ্ট কর্মকান্ডের তথ্য পাওয়া গেলে পুলিশকে জানানোর অনুরোধ করছি। মাদকমুক্ত সৈয়দপুর গড়ে তুলতে পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী কিংবা এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বিগত এক মাসে মাদক সংক্রান্ত বিভিন্ন মামলায় অর্ধশতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পাশাপাশি জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীরা কোথায় অবস্থান করছে, কীভাবে মাদক সরবরাহ করছে এবং কারা এর সঙ্গে জড়িত এসব বিষয়ে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









