নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা আক্তারের বিরুদ্ধে এক রোগীর সঙ্গে দুর্ব্যবহার এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
সেবা নিতে আসা ভুক্তভোগী রোগী মোহাম্মদ মনির হোসেন জানান, পায়ে বিভিন্ন ধরনের গোটার কারণে দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন তিনি। চিকিৎসার জন্য তিনি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গেলে সেখান থেকে সার্জারি বিভাগের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
পরে সার্জারি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা আক্তারের কাছে গেলে তাকে প্রথমে টিকিট নিয়ে আসতে বলা হয়। এরপর টিকিট কাউন্টারে গিয়ে তিনি জানতে পারেন, বহির্বিভাগের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় তিনি বিষয়টি চিকিৎসককে জানালে তাকে নিরাপত্তাকর্মীকে সঙ্গে নিয়ে আসতে বলা হয়। নিরাপত্তাকর্মীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং একপর্যায়ে তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
এতে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি হাসপাতালের ভেতর কান্নাকাটি শুরু করেন।
ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ডা. ফারজানা আক্তারের বক্তব্য জানতে গেলে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে তার কক্ষের দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও অনেক রোগীর সঙ্গে ডা. ফারজানা আক্তার দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ আছে। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গেও পূর্বে একই ধরনের ঘটনার অভিযোগ রয়েছে বলে গগণমাধ্যমকর্মীরা অভিযোগ করেন।
ভুক্তভোগীরা অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সাংবাদিক গাজী মোবারক বলেন, ‘‘প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে সম্মানজনক এবং সঠিক চিকিৎসা সেবা পাওয়ার। যদি কোনো চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী কোনো রোগীর সাথে অমানবিক বা খারাপ আচরণ করেন, তবে তার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে রোগীরা আরও হয়রানির শিকার হবেন।’’
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া ঘটনার বিষয়ে অবগত থাকার কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









