এশিয়ান গেমসের ব্যস্ততা শেষে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে। তবে এখনও ভেন্যু বা সময় চূড়ান্ত করেনি এসিবি।
১৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দুই দিন পর, ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। লিগ পর্বের শেষ ম্যাচে ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুই দলের লড়াইয়ের পর ২৩ অক্টোবর হবে ফাইনাল।
বাংলাদেশের জন্য এই সফরটি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। সফরের একমাত্র টেস্ট ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশীপের ম্যাচগুলোতে প্রস্তুতির অংশ হিসেবে কাজে আসবে। বাংলাদেশের অক্টোবর-নভেম্বরের সূচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুটি টেস্ট রয়েছে। সেই সিরিজ খেলেই উড়াল দিবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে।
একনজরে আরব আমিরাত সফরের সূচি:
৯-১৩ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট
ত্রিদেশীয় সিরিজ:
১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে
২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ
২৩ অক্টোবর : ত্রিদেশীয় সিরিজের ফাইনাল


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









