নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় দেড় বছর আগে। ব্যয়নকশায় খরচ হয়েছে বিপুল পরিমাণ অর্থ। কিন্তু শুধু সংযোগ সড়ক না থাকায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক সেতু এখন সাধারণ মানুষের জন্য আক্ষরিক অর্থেই ‘মরণফাঁদে'’ পরিণত হয়েছে। অকেজো পড়ে থাকা সেতুটিতে উঠতে এলাকাবাসীকে ব্যবহার করতে হচ্ছে বাঁশের মই।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সকালে বোরহানউদ্দিন-ধামুরা সড়কের ধামুরা সেতুর ওপর এক ঘণ্টাব্যাপী মানবববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জমির মালিকানা সংক্রান্ত বিরোধ সমাধান না করে প্রকল্প ঝুলিয়ে রাখা হয়েছে। জমি জটিলতার কারণে সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় শোলক, বাটাজোরসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মই বেয়ে সেতু পার হতে হচ্ছে।
মানববন্ধনে অংশ নিয়ে উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল তালুকদার বলেন, সাত কোটি টাকার সেতু সংযোগ সড়কের অভাবে দেড় বছর ধরে অকেজো। মানুষ বাধ্য হয়ে মই দিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছেন, কিন্তু স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল নেই।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক স্বপন মল্লিক ও যুবদলের যুগ্ম সম্পাদক সোহাগ খান অভিযোগ করে জানান, সেতু নির্মাণের উদ্দেশ্য ছিল যোগাযোগ ব্যবস্থা সহজ করা। অথচ প্রশাসনিক উদাসীনতায় জমি সংক্রান্ত সমস্যা ঝুলে থাকায় এই বিশাল স্থাপনা কোনো কাজেই আসছে না।
জমির মালিকানা দাবিদার আব্দুর রব এই সংকটের জন্য উপজেলা প্রকৌশলীর খামখেয়ালিপনাকে দায়ী করেছেন।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, মূলত জমি নিয়ে স্থানীয় বিরোধের কারণেই সংযোগ সড়কের কাজ আটকে রয়েছে। সমস্যা দ্রুত সমাধানের জন্য বিষয়টি ইতোমধ্যে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









