লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ও প্রসাধন সামগ্রী (কসমেটিকস) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
গত মঙ্গলবার (৮ আগস্ট) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীন বুড়িমারী বিওপি ও ধবলসূতি বিওপির বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, বুড়িমারী বিওপির টহলদল সীমান্ত থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িরবাড়ী এলাকায় এবং ধবলসূতি বিওপির টহলদল আনুমানিক দুই কিলোমিটার অভ্যন্তরে মেসিরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় উভয় স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্য রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









