সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ই সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার রূপরেখা তৈরি করা হয়।
আলোচনা সভায় বেলকুচি উপজেলার আওতাধীন সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজের প্রধান শিক্ষক, সাংস্কৃতিক শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
নতুন প্রজন্মের কাছে নজরুলের সাম্য, দ্রোহ ও মানবতার বাণী পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করে নজরুলের সাম্যবাদ ও সমসাময়িক প্রাসঙ্গিকতা বিষয়ক উপস্থিত ও নির্ধারিত বক্তৃতা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অভ্যন্তরীণ প্রতিযোগিতা সম্পন্ন করতে বলা হয়। সেখান থেকে নির্বাচিত সেরা প্রতিযোগীরা উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।
নিরপেক্ষ মূল্যায়নের জন্য স্থানীয় নজরুল গবেষক, অভিজ্ঞ সঙ্গীত ও আবৃত্তি শিল্পীদের সমন্বয়ে একটি দক্ষ বিচারক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক বাছাইপর্ব শেষ করে উপজেলা পরিষদ মিলনায়তন বা নির্ধারিত স্থানে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনের সময়সীমা নির্ধারণ করে মানুষের অন্তরে নজরুলের সৃতিচারণ তুলে ধরার আহবান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









