নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ৩২টি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও মন্দিরের উন্নয়নে প্রায় ১ কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকায় নিজ বাসভবনে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
চেক বিতরণকালে এমপি দিপু ভূঁইয়া বলেন, ‘‘বিগত সরকারের সময়ে জেলা পরিষদের পক্ষ থেকে রূপগঞ্জের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তেমন সহায়তা দেওয়া হয়নি।’’ সে সময় তারা নিজেদের উন্নয়ন নিয়েই ব্যস্ত ছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘‘বর্তমান সময়ে জেলা পরিষদের প্রশাসকেরা এলাকার উন্নয়নে কাজ করছেন। আগামী দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আরও বেশি সহযোগিতা করা হবে।’’
তিনি আরও বলেন, ‘‘স্থানীয় পর্যায়ে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন হলে সাধারণ মানুষ এর সুফল পাবেন।’’ এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









