ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোলায়েম হোসেন (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজার সংলগ্ন কালিশংকরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মোলায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালিশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি।
তবে পুলিশ বলছে, নিহত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সাবেক সদস্য ছিলেন। তাদের অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ভায়না বাজারে স্কুলের পাশে মোলায়েম হোসেন দাঁড়িয়ে ছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, ‘‘আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পিছনে তাকে মেরে ফেলেছে। আমি বিধবা হয়ে গেলাম। সন্তানরা এতিম হয়ে গেল। আমি এর বিচার চাই।’’
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহত মোলায়েম হোসেন ইতোপূর্বে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সন্ত্রাসী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিষিদ্ধ সেসব সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









